২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট কেনার দায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ৭ দিনের জেল

ময়মনসিংহ-৪ আসনে ট্রাকের এক সমর্থককে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 09:03 PM

Updated : 06 Jan 2024, 09:03 PM

ময়মনসিংহ সদরে স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট কেনার দায়ে একজনকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে নগরীর কৃষ্টপুর এলাকায় থেকে তাকে আটকের পর এ দণ্ড দেন নির্বাহী হাকিম মো. মোস্তাফিজুর রহমান।

দণ্ড পাওয়া শফিকুল ইসলাম (৪০) নগরীর সুতিয়াখালির প্রয়াত আব্দুল জব্বারের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ময়মনসিংহ-৪ (সদর) আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে শফিকুলসহ তিনজন কৃষ্টপুর আদমজি অরুণ কৃষ্ণ চৌধুরীর বাসার সামনে যান।

“সন্দেহ হলে তাদেরকে আটক করে থানায় খবর দেয় এলাকাবাসী। তাদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার টাকা জব্দ করা হয়।

“খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় শফিকুলের সঙ্গে থাকা নজিবুল হাসান (৩৫) ও জীবন মিয়া (২৬) আদালতের কাছে ভোট কেনার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানান।”

শুনানি শেষে শফিকুলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক আনোয়ার।

বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।