৭৮ দিন পর গুলিতে নিহত বাংলাদেশির লাশ দিল বিএসএফ
৪ জুন বিএসএফের গুলিতে তিনি নিহত হন। এরপর তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৭৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
নিহত ইউছুফ আলী উপজেলার জগতবেড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেছেরডাঙ্গা এলাকায় শাহ জামালের ছেলে। ৪ জুন বিএসএফের গুলিতে তিনি নিহত হন। এরপর তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
মঙ্গলবার বিকাল ৪টায় সীমান্তের ৮৬৮ নম্বর প্রধান ও ৩ নম্বর উপ-পিলারের কাছে বিএসএফ ইউছুফের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বলে জানান জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল।
এ সময় সেখানে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের শ্রীমুখ ক্যাম্পের কমান্ডার অরবিন্দ কুমার, কোচবিহারের একজন ম্যাজিস্ট্রেট, মেখলিগঞ্জ থানার ওসি হেমন্ত মুখার্জি উপস্থিত ছিলেন।
অপরদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগুমানী ক্যাম্পের কমান্ডার সুবেদার রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পাটগ্রাম থানার এসআই মাহাবুব রহমান, জগতবেড়র ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক।
ইউপি চেয়ারম্যান বলেন, ইউছুফের লাশ তার বাবা শাহ জামালের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ৪ জুন রাত আড়াইটার দিকে ভারতের সরকারপাড়া ও বাংলাদেশের কালীরহাট এলাকার সীমান্তে কিছু লোক অবৈধভাবে গরু পারাপারের কাজ করছিলেন। তার মধ্যে ইউছুফও ছিলেন।
এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে পেটে ও হাতে গুলি লেগে ইউছুফ ঘটনাস্থলেই মারা যান। ইউছুফের লাশ নিয়ে যায় বিএসএফ।
ছেলের মরদেহ ফেরত চেয়ে শাহ জামাল ৬১ বিজিবি ব্যাটালিয়নে আবেদন করেন। বিজিবি তখন বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। যাবতীয় প্রক্রিয়া শেষে দুদিন আগে লাশ ফেরত দেওয়ার কথা জানায় বিএসএফ।
