নেত্রকোণায় রিকশা চালক হত্যা মামলায় একজন গ্রেপ্তার
পুলিশ জানায়, ২০১৯ সালে রবিনকে পিটিয়ে হত্যা করা হয়।
নেত্রকোণা শহরে পিটিয়ে রিকশা চালক হত্যা মামলায় প্রায় সাড়ে চার বছর পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় শুক্রবার রাতে শহরের বারহাট্রা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্না মিয়া (৪৩) নিউটাউন এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে নেত্রকোণা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইয়ের পরিদর্শক এমদাদুল বাশার বলেন, পদ্মা সেতু বাস্তবায়নে শিশুর মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে পড়ার মধ্যে ২০১৯ সালের ১৮ জুলাই শহরের হরিজন পল্লির সামনে একটি শিশুর খণ্ডিত মাথা ব্যাগে বহন করছিলেন রবিন। এ সময় বিষয়টি নজরে আসলে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
তিনি বলেন, পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ঘটনার দিন সকাল ১১টার দিকে কাটলী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে পূর্ব কাটলী এলাকার রিকশা চালক রইছ উদ্দিনের শিশু ছেলে সজীবকে হত্যার পর তার গলাকেটে মাথা ব্যাগে ঢুকিয়ে বহন করে নিয়ে যাচ্ছিলেন রবিন।
এ ঘটনায় সজীবের বাবা এবং পরে রবিন হত্যায় নেত্রকোণা মডেল থানার এসআই নাজমুল হাসান বাদী হয়ে থানায় পৃথক দুই হত্যা মামলা করেন করেন বলে জানান তিনি।
পিবিআইয়ের পরিদর্শক আরও বলেন, সজীব হত্যার আসামি রবিন নিহত হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। অন্যদিকে, থানা পুলিশ ও সিআইডির হাত ঘুরে ২০২০ সসালের ১৪ অক্টোবর রবিন হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পরে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর ছয়জনের নামে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আদালতের পরোয়ানায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
