২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০০৯ সালের ৭ জুন নিজ বাড়িতে নির্যাতনের এক পর্যায়ে স্ত্রীর তলপেটে লাথি মারেন শাহজাহান; এতে ঘটনাস্থলে স্ত্রী মারা যান।

চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. শাহজাহান প্রধান

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 07:31 PM

Updated : 26 Sep 2022, 07:32 PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জেলা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি মো. সাইয়্যেদুল ইসলাম বাবু জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. শাহজাহান প্রধান (৪৩) হাজীগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের প্রয়াত আব্দুস ছাত্তারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, শাহজাহান বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য তার স্ত্রীকে চাপ দেন। ২০০৯ সালের ৭ জুন বিকালে বাড়িতে এ নিয়ে কথা কাটাকাটি ও পরে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে স্ত্রীর তলপেটে লাথি মারেন শাহজাহান। এতে তার স্ত্রী ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শাহজাহানকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পিপি সাইয়্যেদুল ইসলাম বাবু জানান, ২০০৯ সালের ১০ ডিসেম্বর মামলাটি জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। তদন্তের দায়িত্ব পান সেই সময়ে চাঁদপুর সিআইডিতে কর্মরত এসআই মো. আলমগীর। তিনি তদন্ত শেষে ২০১২ সালের ২৭ মার্চ শাহজাহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবদুল মান্নান খান মহিন।

প্রায় ১৪ বছর পর এ রায় পেয়ে তারা সন্তুষ্ট বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইয়্যেদুল ইসলাম।