২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ‘বালু খেকোদের’ হাত থেকে ফসলি জমি রক্ষার দাবি

কালীগঙ্গার বালুমহালের পাশাপাশি ফসলি জমিতেও ইজারাদাররা ভেকু চালাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:11 PM

Updated : 21 Sep 2026, 11:11 PM

মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের পাশাপাশি তীরবর্তী ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুতে এ কর্মসূচি হয়।

স্থানীয় কৃষক আজগর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সংসার চলে এই কৃষিজমির ওপর নির্ভর করে। বালু খেকোরা যেভাবে জমি কেটে নিচ্ছে, তাতে চাষাবাদের আর কোনো জায়গা থাকবে না। কৃষিজমি ও বসতভিটা রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

আরেক বাসিন্দা লুৎফর রহমান অভিযোগ করেন, কালীগঙ্গা নদীর বালুমহাল ইজারা নেওয়ার পর ইজারাদাররা নির্ধারিত সীমানা না মেনে নদীর তীরবর্তী কৃষিজমিতে ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছেন। এতে নদীর পাড় দুর্বল হয়ে ভাঙন দেখা দিয়েছে এবং বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।

ভুক্তভোগীদের দাবি, ইজারার নির্ধারিত নিয়ম ও সীমানা যাচাই করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।