২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ জানে কোথায় ভোট দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:33 AM

Updated : 15 Oct 2023, 12:33 AM

আগামী জাতীয় নির্বাচনে কোথায় ভোট দিতে হবে দেশের মানুষ জানে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, “মানুষ জানে কোথায় ভোট দিতে হবে, কোথায় উন্নয়ন আছে, মানুষ সে বিষয়গুলো ভালো বোঝে।

“১০০ টাকা দিয়ে ভোট কিনবেন, সেই দিন আর নেই। মানুষ এখন সব বোঝে। কারণ, মানুষ এখন শিক্ষিত হয়েছে।”

শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরবাসীর মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। বিএনপির এখন একটাই লক্ষ্য তা হচ্ছে ক্ষমতায় আসা। বিএনপির দাবি, আওয়ামী লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবারও বলে না, তারা ক্ষমতায় গেলে দেশ ও মানুষের জন্য কী করবে।” 

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।