২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড: স্বাস্থ্যমন্ত্রী

কসবায় একটি মোবাইল হেলথ ক্লিনিক সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 08:09 PM

Updated : 28 Oct 2026, 08:09 PM

স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট ও দুর্নীতির মাধ্যমে খাতটিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন।

তিনি বলেছেন, “তারা চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়নি, পর্যাপ্ত নার্স নিয়োগ দেয়নি এবং হাসপাতালের শয্যা সংখ্যাও বাড়ায়নি। লোকবল না থাকা সত্ত্বেও কেবল টাকা আত্মসাতের জন্য কোটি কোটি টাকার মেশিন কিনে ফেলে রাখা হয়েছিল।

“খুলনায় বাংকার ছাড়াই কেনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ডে পরিণত হয়েছে। ওগুলো বিক্রি করে বাদাম কিনে খেতে হবে।”

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মোবাইল হেলথ ক্লিনিক সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মোবাইল হেলথ ক্লিনিকের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রাথমিক স্তর থেকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। এখন থেকে কোনো নতুন চিকিৎসা যন্ত্র আনার আগেই প্রয়োজনীয় দক্ষ লোকবল প্রস্তুত নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শয্যা সংখ্যা বৃদ্ধি, ডায়ালাইসিস সেবা প্রসার ও প্রাথমিক চিকিৎসা জোরদার করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম।