২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, নিহত ১

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 09:57 AM

Updated : 02 Sep 2022, 04:24 PM

যশোরের শার্শা উপজেলায় পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার জামতলার ওরিয়েন্টাল অয়েল কোম্পানি লিমিটেড ফ্যাক্টারির সামনে এ ঘটনা ঘটে বলে যশোরের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান।

আটকরা হলেন- রবিন (৩৫) ও আবুল কাশেমকে (৩৫)। তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাঁচগাছিয়া গ্রামে।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এএসপি জুয়েল বলেন,ভারতে স্বর্ণ পাচারের গোপন খবরে যশোর ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশ যৌথভাবে চেকপোস্টে অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা থেকে যশোরমুখী একটি সাদা রঙের প্রাইভেটকার আসে। টহলদল তাদের থামার নির্দেশ দিলে প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে। এক পর্যায়ে তাদের কাছে স্বর্ণ থাকার কথা ‘স্বীকার কর ‘।

ওই সময় হাইওয়ের দুপাশ থেকে ২৫-৩০টি মোটরসাইকেলে করে আসা প্রায় ৫০-৬০ জন যুবক পুলিশের উপর ককটেল হামলা চালিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি এবং রাবার বুলেট নিক্ষেপ করে।

তখন হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “পরে মোটরসাইকেলের পাশে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় দুইজন পুলিশ আহত হয়েছেন। পরে আটক রবিনের শরীরে তল্লাশি করে ৫ কেজি ২১৫ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায় “

এ সময় প্রাইভেটকার তল্লাশি করে তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও সোনার বার পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার হয় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার, যার বাজারমূল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা বলে এএসপি জুয়েল ইমরানের ভাষ্য।

স্বর্ণসহ পাচারকারীদের শার্শা থানায় হস্তান্তর এবং আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।