২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় নারীকে ‘কুপ্রস্তাব’, ওসি-এসআইয়ের বিরুদ্ধে মামলা

এই দুই পুলিশ কর্মকর্তা ওই নারীর মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল করতেন বলে মামলায় অভিযোগ করা হয়।

কুমিল্লায় নারীকে ‘কুপ্রস্তাব’, ওসি-এসআইয়ের বিরুদ্ধে মামলা

মেঘনা থানা

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 10:58 PM

Updated : 04 Sep 2022, 10:58 PM

‘কুপ্রস্তাবে’ রাজি না হওয়ায় নির্যাতন ও মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগে কুমিল্লার মেঘনা থানার এক ওসি ও এক এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী।

রোববার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি করা হয় বলে বাদীপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান জানান।

মামলার আসামিরা হলেন- মেঘনা থানার ওসি ছমি উদ্দিন ও এসআই মো. মোশাররফ হোসেন।

তবে মামলাটি ষড়যন্ত্রমূলক ও বানোয়াট বলে দাবি এই দুই পুলিশ কর্মকর্তার।

আইনজীবী তৌহিদুর রহমান জানান, বিচারক মোয়াজ্জেম হোসেন মামলাটি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে নিয়ে ঘটনা তদন্তের জন্য জেলার এসপিকে নির্দেশ দিয়েছেন।

মামলার নথির বরাত দিয়ে অ্যাডভোকেট তৌহিদুর রহমান জানান, মেঘনা থানার শিকিরগাঁও এলাকার এক প্রবাসীর স্ত্রী (২৬) তাদের পারিবারিক ও আত্মীয়স্বজনের জায়গা-জমির বিরোধের মামলা সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকবার থানায় আসা-যাওয়া করেন। এ সুযোগে ওসি ছমি উদ্দিন ও এসআই মোশাররফ তাকে প্রায়ই ফোন করতেন।

অভিযোগে বলা হয়, এক পর্যায় ছমি উদ্দিন ওই নারীকে মেঘনা রিসোর্টে সময় কাটাতে যাওয়ার প্রস্তাব দেন। এ ছাড়া এসআই মোশাররফও প্রায় সময় ফোনে তাকে কুপ্রস্তাব দিতেন। তারা দুইজন ওই নারীর মোবাইল ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিতেন। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুজনই ওই নারীর ওপর ক্ষুব্ধ হন।

মামলার অভিযোগে আরও বলা হয়, গত ২৬ অগাস্ট ওই নারীর বোনের স্বামীকে গ্রেপ্তার করতে যান ছমি উদ্দিন ও মোশাররফ। সেদিন ওই নারী গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখতে চাওয়ায় তাকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে এসআই মোশাররফ থানার অন্য পুলিশ সদস্যদের সহায়তায় ফের টেনে-হিঁচড়ে ওই নারীকে ওসির রুমে নিয়ে যান ও রুমের দরজা বন্ধ করে দেন।

“সেখানে ওসি ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় ওই নারী চিৎকার করলে তাকে মেরে ফেলা ও ধর্ষণের হুমকি দেন এবং ওসি তার মুখ চেপে ধরে শ্লীনতাহানীর চেষ্টা করেন। ওই নারী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে চড়-থাপ্পড় এবং লাথি মারতে থাকেন ওসি ছমি উদ্দিন। এ সময় মামলার বাদী চিৎকার শুরু করলে এসআই মোশাররফ গিয়ে তার গলা চেপে ধরেন।”

আইনজীবী তৌহিদুর রহমান জানান, পরদিন ২৭ অগাস্ট সকালে ওসি ও এসআই আবার তাকে একইভাবে কুপ্রস্তাব দেন এবং বলেন তাদের প্রস্তাবে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হবে। এতেও তিনি রাজি হননি। এ সময় তারা নারীর হাতের মোবাইল ফোনের লক খুলতে বাধ্য করে সব প্রমাণ মুছে ফেলেন। এরপর তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠান।

“আটদিন কারাগারে থাকার পর ওই নারী জামিনে এসে মামলাটি দায়ের করেন।”

মামলার বাদী ওই নারী রোববার রাতে বলেন, “তারা ভেবেছে আমি ভয়ে কথা বলব না। কিন্তু আমি চাই, আমার মতো কোনো নারী যেন এমন নির্যাতনের শিকার না হন।”

রোববার রাতে এসব বিষয়ে জানতে চাইলে ওসি ছমি উদ্দিন বলেন, এই মহিলা ভীষণ উগ্র। তার বোনের স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় একটি ওয়ারেন্ট ছিল আদালতের।

“আমাদের সদস্যরা আসামিকে গ্রেপ্তার করতে গেলে ওই নারী ওয়ারেন্ট দেখতে চান। ওয়ারেন্ট দেখালেও তিনি আমাদের আসামিকে আনতে দেননি। উল্টো তিনি পুলিশকে আক্রমণ করে পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন।”

তিনি জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই মোশাররফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন; আদালত তাকে জেলে পাঠায়।

“এখন ওই নারী জেল থেকে বের হয়ে কারো কথায় প্ররোচিত হয়ে এসব করছেন।”

এসআই মোশাররফ হোসেনের ভাষ্য, “আসামিকে গ্রেপ্তার করতে যাওয়ার ঘটনাস্থলে ওই নারী আমাদের সঙ্গে কেমন আচরণ করেছেন তার ভিডিও রেকর্ড আছে। আমরা তাকে মহিলা পুলিশ সদস্য দিয়ে থানায় এনেছিলাম। কুপ্রস্তাব দেওয়া বা নির্যাতনের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলা ওই মহিলার বানানো কথা। পুলিশ তার বিরুদ্ধে মামলা করায় এখন পুলিশের বিরুদ্ধে লেগেছেন তিনি।”

কুমিল্লার এসপি আবদুল মান্নান বলেন, “আমি মামলার বিষয়টি শুনেছি। তবে এখনও আদালত থেকে আদেশের কোনো কাগজপত্র পাইনি।”