মাদারীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
ছেলের বৌভাতের বাজার করতে গিয়ে হামলার শিকার হন।
মাদারীপুরে পূর্ব বিরোধের জেরে সাবেক এক ইউপি সদস্য এবং তার ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আরেক ইউপি সদস্যের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাজারে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানান।
আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জলিল মোল্লা (৫৫) ও তার ছেলে হেলাল মোল্লা (৩৫)।
জলিলকে ঢাকার পঙ্গু হাসপাতাল ও হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জলিলের ভাগ্নে আলীম বেপারী বলেন, “আমার মামা জলিল ও তার বড় ছেলে হেলালকে নিয়ে ছোট ছেলে দুলালের বৌ ভাতের জন্য বাজার করতে যান। এ সময় পাশের পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান লাভলু মাতুব্বরের সমর্থক রাসেল হাওলাদার, সাদ্দাম চৌকিদার একদল সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়।
“তারা দুজনকে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় বিয়ের বৌ ভাতের বাজার করার জন্য সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।”
তবে অভিযোগ অস্বীকার করে পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, “আমার উপরে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমার কোনো সমর্থক বা কর্মী তাদেরকে উপর হামলা করেনি।”
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিলে তারা ব্যবস্থা নেবেন।
