২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বাসে আগুন: বিএনপির ২৭০ নেতা-কর্মীর নামে মামলা

অবরোধের তৃতীয় দিন দুর্বৃত্তরা কেন্দুয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দেয় বলে জানায় পুলিশ।

নেত্রকোণায় বাসে আগুন: বিএনপির ২৭০ নেতা-কর্মীর নামে মামলা

আগুনে ‘হিরণ এন্টারপ্রাইজ’ নামের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 05:51 PM

Updated : 03 Nov 2023, 05:51 PM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে নেত্রকোণার কেন্দুয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার এসআই দেবাশীষ চন্দ্র দত্ত বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ২৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেছেন বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি এনামুল হক।

মামলায় নেত্রকোণা জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ ১২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস বণিক বলেন, এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মী। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

তবে তাৎক্ষণিভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে বুধবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা কেন্দুয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দেয় বলে জানিয়েছেন ওসি এনামুল হক।

তিনি বলেন, আগুনে ‘হিরণ এন্টারপ্রাইজের’ একটি বাস পুড়ে গেছে, আর ‘হিমাচল এন্টারপ্রাইজের’ বাসের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করাসহ নানা অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে ওসি জানান।

আরও খবর:

পুরনো খবর:

নেত্রকোণায় বাসস্ট্যান্ডে ২ বাসে আগুন