বিয়ের আসর থেকে ‘ভুয়া কাজী’ গ্রেপ্তার
একটি মাদ্রাসার সহকারী শিক্ষক তিনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিয়ে নিবন্ধনের নকল বইসহ কাজি পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামে বিয়ে নিবন্ধনের সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান।
গ্রেপ্তারকৃত মো. আব্দুস সালাম (৪২) উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামের আজগর আলীর ছেলে। তাছাড়া তিনি উপজেলার বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশের পক্ষ থেকে মামলার পর শনিবার দুপুরে তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
পরিদর্শক এনামুল বলেন, সালাম বিয়ে নিবন্ধনের নকল বই তৈরি করে সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে উপজেলার উধুনিয়া ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন গ্রামে বাল্যবিয়েসহ নিকাহ নিবন্ধন করে আসছিলেন।
পুলিশ বিস্তারিত তদন্ত করছে বলে জানান পরিদর্শক এনামুল হক।
