২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে নওগাঁয় বাসে আগুন, আটক ২

জেলার মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনে রোববার রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে বলে ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 10:07 AM

Updated : 27 Nov 2023, 10:07 AM

বিএনপির সপ্তম দফার অবরোধে নওগাঁয় দাঁড়িয়ে থাকা একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এ ঘটনায় জড়িত সন্দেহে নওঁগার মহাদেবপুর থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

জেলার মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনে রোববার রাত সাড়ে এগারোটার দিকে বাসে আগুন দেওয়া হয়েছে বলে ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান।

মহাদেবপুর থানার পুলিশের কর্মকর্তা বলেছেন, বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বাসের অধিকাংশ অংশই পুড়ে গেছে।

ওসি আজাদ বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর মহাদেবপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাসে বাসে আগুন দেওয়ার কাজে জড়িত সন্দেহে দুইজনকে পুলিশ আটক করে।”

আটক দুজনের নাম প্রকাশ না করে পুলিশ বলেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধের ৪৮ ঘণ্টার নতুন কর্মসূচি রোববার ভোর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। এর আগে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ করেছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধ-হরতালের মধ্যে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।