নিখোঁজের তিন দিন পর মিলল বালু শ্রমিকের মরদেহ
নিহতের মোবাইল ফোনে শনিবার রাত নয়টায় তার সঙ্গে শেষ কথা হয় বলে জানান তার ভাই।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
বুধবার দুপুরে উপজেলার বারদীর আলগীরচর গ্রাম থেকে বাদল শেখ নামে ওই শ্রমিকের মরদেহ উদ্ধারের কথা জানান সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান৷
৪৫ বছর বয়সী বাদল শেখ বরিশালের বানারীপাড়া বিশারকান্দি গ্রামের প্রয়াত বারেক শেখের ছেলে। তিনি আলগীরচর গ্রামে ভাড়া থাকতেন।
সোনারগাঁয়ের বারদীর ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের বুস্টার মেশিনের মিস্ত্রি হিসেবে তিনি কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ৷ এই মেশিনঘরের কিছুটা দূর থেকেই বাদলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত বাদলের ভাই রবিউল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত নয়টায় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়৷ এরপর থেকে তার নম্বরটি বন্ধ ছিল৷ কোথাও গেছেন, ফিরে আসবেন ভেবে থানা পুলিশকে বিষয়টি জানাননি৷
“আমার ভাই খুন হইসে৷ তার সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে কয়েকজনের দ্বন্দ্ব ছিল৷ তারা হুমকিও দিয়েছিল৷ এ ঘটনার সাথে তারা জড়িত থাকতে পারে৷”
ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেন জানান, গত তিনদিন বাদল কাজে যাননি৷ মোবাইল ফোনে কল করেও তা বন্ধ পাওয়া যায়৷ বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি তার বুস্টার মেশিনঘরের কাছে জমিতে বাদলের মরদেহ দেখতে পান৷
ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না পাওয়া গেলেও লাশটি অর্ধগলিত ছিল৷
“নিহত ব্যক্তি কয়েকদিন যাবৎ নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন৷ তাকে হত্যা করা হয়েছে কিনা বলা যাচ্ছে না৷ তবে মৃত্যু বেশ কয়েক ঘণ্টা আগে হয়েছে বলে ধারণা করছি৷”
এ ঘটনায় ওই এলাকার ওবায়দুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন বলে জানান ওসি৷
