রাজবাড়ীতে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
কালুখালী ও পাংশা উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে কালুখালীতে এবং সকালে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে জানান পাংশা হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান।
নিহতরা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গি গ্রামের লোকমান মণ্ডলের ছেলে শমসের মণ্ডল (৩১) এবং কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গ্রামের ওমর আলীর ছেলে হাসান আলী (৩৫)।
ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে শমসের মণ্ডল মোটরসাইকেলে করে কুষ্টিয়ার খোকসার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বৃষ্টি হওয়ায় গাড়িটিকে শনাক্ত করা যায়নি।
অপরদিকে, রাজবাড়ী থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন হাসান আলী। দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এলাকায় পৌঁছান তিনি। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালন পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হয় তিনি।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই যানবাহন দুইটি পালিয়ে গেছে। সেগুলি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
