অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন কাদের
“যে দলের নেতা দণ্ডিত আসামি, সেই দলকে এই দেশের মানুষ সমর্থন করতে পারে না।”
কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে নির্বাচন হবে নির্বাচনের নিয়মে।
তিনি বলেন, “আগামী নির্বাচন হবে অবাধ ও বিশ্বাসযোগ্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের আদেশে মরে গেছে। ওটাকে জীবিত করার চেষ্টা করে আর লাভ নেই।”
রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “পৃথিবীর সব দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হয়। আমরা অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারি। গণতান্ত্রিক বিশ্বের নেতাদের বলব, পর্যবেক্ষক দিয়ে এই ভোট পর্যবেক্ষণ করুন।”
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনাও করেন তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “যে দলের নেতা দণ্ডিত আসামি, সেই দলকে এই দেশের মানুষ সমর্থন করতে পারে না। বিএনপি আরেকবার ক্ষমতায় এলে এরা আবারও হাওয়া ভবন তৈরি করবে। এদের কাছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, আইনের শাসন, দেশের নিরাপত্তা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিরাপদ নয়।”
বর্তমান সরকারের উন্নয়নের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি বুঝতে পেরেছে, নির্বাচন হলে এখন আওয়ামী লীগই জিতবে। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।”
সমাবেশে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নিজেদের আচরণ সংযত করুন। ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা আক্রমণকারী হব না। তবে যে হাত ভাংচুর করতে আসবে সে হাত আমরা ভেঙে দেব, আক্রান্ত হলে পাল্টা জবাব দেব।”
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিনসহ অন্যরা।
এর আগে, বেলা সোয়া ১১টার দিকে বসুরহাট পৌরসভায় বাস্তবায়িত বসুরহাট বাসস্ট্যান্ড ও ৫৩৫টি সৌরবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।
