১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খুলনায় বিএনপির সমাবেশের আগে বাস বন্ধের ঘোষণা

আগামী ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে; ইতোমধ্যে অনুমতিও মিলেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 01:20 PM

Updated : 19 Oct 2022, 01:37 PM

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে দুইদিন আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের যৌথ আলোচনা সভা থেকে এ সিদ্ধান্ত আসে।

এ পরিস্থিতিতে শহরের বাইরের নেতাকর্মীদের আগেই খুলনায় হাজির হতে বলা হয়েছে দল থেকে।

খুলনা শহরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে আগামী ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা। ইতোমধ্যে সমাবেশের অনুমতিও পেয়েছে তারা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, “আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনায় চলাচলকারী সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শ্রমিক ইউনিয়ন।”

খুলনা থেকে ১৮টি রুটে দুই শতাধিক বাস চলাচল করে। ওই দুইদিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যাবে না এবং প্রবেশও করবে না বলে জানান তিনি।

তবে কেন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হল, এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে পারেননি এ শ্রমিক ইউনিয়ন নেতা।

এদিকে সমাবেশ ঘিরে ব্যাপক প্রচার চালাচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, সমাবেশ বানচাল করতেই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বাসের মালিক ও শ্রমিকরা।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী বলেন, খুলনা বিভাগের নয়টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে নেতাকর্মীদের আসা ‘বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে’ বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমন শঙ্কা তাদের আগে ছিল; তাই নেতাকর্মীদের সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে।

“নেতাকর্মীরা আগে এসে খুলনা নগরীর আবাসিক হোটেল ও আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন। সরকারের সব বাধা উপেক্ষা করে গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার হবে।”

এর আগে ময়মনসিংহের বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থার মধ্যে হেঁটেই সমাবেশস্থলে যান নেতাকর্মীরা।