২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনৈতিক

পরিদর্শনকালে কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়।

রামুর রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনৈতিক

রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করেন কূটনীতিকরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 03:55 PM

Updated : 28 Feb 2024, 03:55 PM

রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন কক্সবাজার সফরে থাকা ৩৪ কূটনীতিক। 

বুধবার সকালে রাংকুট বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো। 

বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো জানান, এ সময় ২ হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান দেখে মুগ্ধ হন অতিথিরা। 

সেইসঙ্গে সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সেনের আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি দেখে অভিভূত হন। এ সময় কূটনীতিকরা বিহারের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

কূটনীতিকরা বলেন, কক্সবাজার অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্র সৈকত সব মিলিয়ে অপার পর্যটন সম্ভাবনাকে নিজ নিজ দেশের মানুষের সামনে তুলে ধরা হবে। 

পরিদর্শনকালে কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। 

পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের ট্যুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন। 

এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বিশেষ ট্রেনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক কক্সবাজারে আসেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর মিশন প্রধানসহ এই কূটনৈতিকরা দুই দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন। 

বুধবার দিনভর দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন শেষে বিকালে বিমান যোগে কূটনীতিকদের বহরটি ঢাকায় ফেরার কথা রয়েছে। 

পুরানো খবর

পুরনো খবর:

কূটনীতিকদের নিয়ে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী, উপভোগ করবেন প্রাকৃতিক সৌন্দর্য