প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন আরও বাড়ার আশা সিটি প্রশাসকের
আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে যাবেন।
আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের মধ্য দিয়ে নগরের উন্নয়ন অগ্রযাত্রা আরও বাড়বে বলে আশা করছেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন, নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথমবারের মতো রাজশাহী আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে কোনো সরকারপ্রধানের রাজশাহী সফরকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন তিনি।
তিনি বলেন, নগরের উন্নয়নে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া থেকে বড়কুঠি ও বরেন্দ্র জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
সিটি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা হেতেমখাঁ-বর্ণালি সড়কের উন্নয়নকাজ এর মধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজও চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি।
এর আগে মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত এবং সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
