২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলা করায় বাদীর ৩ দিনের কারাদণ্ড

মামলার সাত আসামিকে খালাস দিয়ে বাদীকে সাজা দেয় আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 11:13 PM

Updated : 31 Oct 2022, 11:13 PM

সাজানো মামলা করায় খাগড়াছড়ির একটি আদালত এক নারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। 

সোমবার খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত কহিনুর বেগম জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের  বেতছড়ি এলাকার বাসিন্দা।

আসামিপক্ষের আইনজীবী শেখ মো. জামাল হোসেন সিদ্দিকী জানান, ২০২০ সালে কহিনুর বেগম মো. রেজাউল মাস্টারসহ সাত জনকে আসামি করে দণ্ডবিধির ১৪৩/৪২৭/৩২৩/৫০৬ ধারায় খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। 

“তদন্ত ও শুনানি শেষে সোমবার (৩১ অক্টোবর) জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেন চৌধুরী অভিযোগ থেকে সকল আসামিকে বেকসুর খালাস দেন।” 

জামাল হোসেন জানান, অন্যদিকে মিথ্যা মামলা করায় বাদী কহিনুর বেগমকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক আসামিকে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দেয় আদালত। 

“ক্ষতিপূরণ দিতে না পারলে কহিনুরকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে।” 

রায় ঘোষণার সময় মামলার বাদী কহিনুর বেগম এবং সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।