ময়মনসিংহে একজনকে হত্যার ৩৪ বছর পর চারজনের যাবজ্জীবন
১৯৮৮ সালে এলাকায় প্রভাব বিস্তারের বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একজনকে হত্যার ৩৪ বছর পর চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ত্রিশাল উপজেলার দরিরামপুর এলাকার আলতাব আলী, জিন্নত আলী, কিসমত আলী ও মফিজ উদ্দিন।
তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার আহাম্মদ আলী ও সুরুজ আলী নামে দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
১৯৮৮ সালের আব্দুল মালেক হত্যা মামলায় আদালতের এই রায় আসে।
বাদীপক্ষের আইনজীবী মনোয়ারা বেগম পারভীন মামলার নথির বরাতে বলেন, ১৯৮৮ সালের ২১ অগাস্ট দরিরামপুর এলাকায় প্রভাব বিস্তারের বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এলাকার মাতব্বর আব্দুল মালেককে।
এর দুই দিন পর নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়। কিন্তু ১৯৯৪ সালে বিচারকাজ থমকে যায়। পরে আবার বিচার শুরু হলেও তা চলে ধীরে ধীরে।
আইনজীবী মনোয়ারা বলেন, দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। তারা রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে।
