২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

আহত একজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 10:14 AM

Updated : 24 Sep 2022, 10:13 AM

দিনাজপুরে ট্রাকের চাপায় দুই পথচারীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই জাকারিয়া জানান, শনিবার ভোরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলী (৬৫) ও আজগর হোসেন (৩৫)।

আহত একই এলাকার মকবুল হোসেনকে (৪০) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, তিনজন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দিনাজপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীদের চাপা দেয়। পরে রাস্তার পাশে থাকা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে ট্রাকটি থেমে যায়।

“এতে ঘটনাস্থলেই দুই পথচারীদের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও তার সহকারী পালিয়েছে বলে জানান জাকারিয়া।