বৃষ্টিতে ছাদে গোসল, পা পিছলে পড়ে প্রাণ গেল তরুণীর
প্রবল বৃষ্টির সময় বৃষ্টিতে গোসল করতে লাকি ছয়তলা ভবনের ছাদে ওঠেন; এক পর্যায়ে তিনি পা পিছলে নিচে পড়ে যান।
খুলনায় বৃষ্টিতে ভিজতে গিয়ে ছয় তলার ছাদ থেকে পড়ে মারা গেছেন এক তরুণী।
সোমবার দুপুরে নগরীর খালিশপুরের মুজগুন্নী আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান লাকি (১৮) খুলনা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি খুলনা নগরীর বাস্তুহারা কলোনির আব্দুল হাকিমের মেয়ে।
খালিশপুর থানার এসআই মো. হাসমত আলী জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরে প্রবল বৃষ্টির সময় লাকি বৃষ্টিতে গোসল করার জন্য ছয়তলা ভবনের ছাদে ওঠেন। এ সময় তার সঙ্গে আরও এক তরুণী ছিলেন।
“এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান।”
হাসমত জানান, এ সময় সঙ্গে থাকা তরুণীর চিৎকারে বাড়ির অন্যরা ছুটে এসে লাকিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
