২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচিতে বাধা নেই, নিরাপত্তায় হুমকি হলে ব্যবস্থা: আইজিপি

এ বছর সারাদেশে ৩৪ হাজার মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

কর্মসূচিতে বাধা নেই, নিরাপত্তায় হুমকি হলে ব্যবস্থা: আইজিপি

নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 11:09 PM

Updated : 21 Oct 2023, 11:09 PM

রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই তবে জনগণের জানমাল ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ প্রধান বলেন, “রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে। জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার তা নিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শারদীয় দুর্গা পূজায় কোনো শঙ্কা নেই জানিয়ে আইজিপি বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো প্রকার শঙ্কা অনুভব করছি না। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না। সব পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।

“সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের উৎসব স্বাভাবিকভাবে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এখন পর্যন্ত সব জায়গায় দুর্গা পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।”

আগামী দিনগুলোও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবকিছু শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল্লাহ আল মামুন।

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার নিদর্শন উল্লেখ করে আইজিপি বলেন, “সমাজকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে মা দুর্গা আসেন। এদেশ থেকেও অশুভ শক্তি বিনাশ যাক, শুভ শক্তি জয়ী হোক; এইটা আমরা চাই।

“ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করতে চাই। এই কারণে প্রতিবারই দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করি।”

এ বছর সারাদেশে ৩৪ হাজার মণ্ডপে দুর্গা পূজা উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

দুষ্কৃতকারীরা যেন কোনো সুযোগ নিতে না পারে সেজন্য দুর্গা পূজার সময় আইনশৃঙ্খলা বাহিনী খুব সতর্কতা অবলম্বন করে বলে ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম জানান।

তিনি বলেন, “ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাজনৈতিক, সামাজিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়। বর্তমান সময়ে রাজনৈতিক বাস্তবতার কারণে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।”

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা উপস্থিত ছিলেন।