লালমনিরহাট থেকে অস্ত্র নিয়ে ঢাকায় আসার পথে যুবক গ্রেপ্তার
ছামিউলের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের যাত্রী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; এ সময় তার কাছ থেকে বিদেশি দুটি পিস্তল উদ্ধার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার মুরাদপুরে একটি বাস থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
গ্রেপ্তার ছামিউল মিয়া (৩৫) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পশ্চিম দিঘলটারী গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী পিংকী পরিবহনের বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ছামিউল বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে পুলিশ।
পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে বাঁধা দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার সুদীপ বলেন, ছামিউল লালমনিরহাটের আদিতমারীর এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রগুলো সংগ্রহ করেছেন। তিনি এগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পুলিশ এ নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে। ছামিউলের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আখতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, শরাফত ইসলাম, শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল।
