২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পানিতে ডুবে ছাত্রলীগ কর্মী ও শিশুর মৃত্যু

মাসুদ রানা দুই বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হন; সেই থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন।

বরিশালে পানিতে ডুবে ছাত্রলীগ কর্মী ও শিশুর মৃত্যু

নিহত ছাত্রলীগ কর্মী মাসুদ রানা সেরনিয়াবাত

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 11:11 PM

Updated : 31 Aug 2022, 11:11 PM

বরিশালের পানিতে ডুবে উপজেলা ছাত্রলীগের কর্মী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে জেলার গৌরনদীতে ও দুপুরে আগৈলঝাড়ায় ঘটনা দুটি ঘটে বলে নিহতদের স্বজনরা জানান।

নিহত ছাত্রলীগ কর্মী মাসুদ রানা সেরনিয়াবাত (২৭) উপজেলার বদরপুর গ্রামের আব্দুল খালেক সেরনিয়াবাতের ও শাফিন মোল্লা (৭) আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মনির মোল্লার ছেলে।

গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদ রানা উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। দুই বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি পক্ষাঘাতগ্রস্ত হন। সেই থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন।

পরিবারের বরাতে সান্টু ভূঁইয়া বলেন, “মঙ্গলবার রাতে মাসুদ রানার বাড়ির সামনে রাস্তার পাশে বন্ধুদের সঙ্গে টিভিতে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ক্রিকেট খেলা দেখেন। পরে বাড়ি ফিরে রাত ১২টার দিকে আবার বের হয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

ভোর ৪টার দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে সান্টু ভূঁইয়া জানান।

থানায় না থাকায় বিষয়টি জানা নেই বলে জানান গৌরনদী থানার পরিদর্শক আফজাল হোসেন।

এদিকে, পরিবারের বরাত দিয়ে বরিশালের আগৈলঝাড়া থানার এসআই আব্দুল মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী শাফিন পুকুরের পাড় দিয়ে সাইকেল চালাচ্ছিল। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই মোতালেব জানান।