২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে ‘রাতের আঁধারে ৬ বিঘা জমির কলাগাছ কর্তন’

এ ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্ত এক কৃষক ১০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দেন বলে জানায় পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 08:48 PM

Updated : 23 Aug 2023, 08:48 PM

পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে তিন কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের স্লুইসগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) অরবিন্দ সরকার জানান।

এ ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্ত এক কৃষক ১০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগে বলা হয়, রাতের আঁধারে চর কুড়লিয়া গ্রামের প্রয়াত আত্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার সাড়ে ৩ বিঘা, একই এলাকার প্রয়াত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলাকার আলাই মল্লিকের ছেলে সেলিম মল্লিকের এক বিঘা জমির কলার গাছ কেটে দেন কে বা কারা।

বুধবার সকালে বাগানে কলার গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা।

এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে কৃষকরা জানান, মঙ্গলবার সারারাত বৃষ্টি হয়। বুধবার সকালে তারা বাগানে গিয়ে কলার গাছগুলো কাটা দেখতে পান।

কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, “কিছুদিন আগে আমাদের সঙ্গে একই এলাকার কিছু লোকের ঝামেলা হয়। আমার এক চাচা ও চাচাতো ভাইকে তারা কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে থানায় মামলাও হয়েছে। সেটি নিয়ে এলাকায় ঝামেলা চলছে। এর মাঝেই আমাদের কলার গাছগুলো কাটা হল।”