২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির সমাবর্তনে বিনামূল্যে সনদের দাবি

শিক্ষার্থীরা জানান, আগামী দুই কার্যদিবসের মধ্যে সব দাবি মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে

জাবির সমাবর্তনে বিনামূল্যে সনদের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের মানববন্ধন করেছেন সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 10:20 PM

Updated : 06 Feb 2023, 10:20 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনে বিনামূল্যে সনদ প্রদানসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসব দাবিতে মানববন্ধন করেন তারা।

দাবিগুলো হলো- আসন্ন সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তরের সনদ বিনামূল্যে প্রদান করতে হবে, সমাবর্তনের ফি এক হাজার টাকা নির্ধারণ করতে হবে, নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে উইকেন্ড কোর্সের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না, রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বাড়াতে হবে।

যারা এখন পর্যন্ত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।

আইন ও বিচার বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আতিকা বলেন, বিশ্ববিদ্যালয়েরে ষষ্ঠ সমাবর্তনে ২০ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার কথা। রেজিস্ট্রেশনের জন্য আর চারদিন বাকি। অথচ এখন পর্যন্ত মাত্র ২৮০০ জন রেজিস্ট্রেশন করেছে।

“অনেকের কাছে এই রেজিস্ট্রেশন ফি অনেক বেশি মনে নাও হতে পারে। কিন্তু যারা সদ্য স্নাতক শেষ করেছে তাদের জন্য এই ফি অনেক বেশি। তাই ফি কমাতে হবে। রেজিস্ট্রেশনের সময় আরও পাঁচদিন বাড়াতে হবে যাতে সবাই সমাবর্তনে অংশ নিতে পারে।"

আগামী দুই কার্যদিবসের মধ্যে এ সব দাবি মেনে প্রজ্ঞাপন জারি করার কথা জানান শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বরাবর স্মারকলিপি পাঠান তারা।

স্মারকলিপির বিষয়ে উপাচার্যকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

অন্যদিকে সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি মধ্যে এমফিল, পিএইচডি এবং ৭ ফেব্রুয়ারির মধ্যে মধ্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, উইকেন্ড/ইভিনিং প্রোগ্রামের যেসব বিভাগের ফলাফল প্রকাশিত হবে শুধুমাত্র তারাই আগামী ২৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

convocation.juniv.edu ওয়েবসাইটে ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। স্নাতক ও স্নাতকোত্তরের জন্য রেজিস্ট্রেশন ফি ২৫০০, উভয় ডিগ্রি এক সঙ্গে ৪০০০, এমফিল ৬০০০, পিএইচডি ৭০০০ এবং উইকেন্ড/সান্ধ্যকালীন কোর্সের জন্য ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।