জামালপুরে স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ
অভিযোগে বলা হয়েছে, এর আগেও মুজিবর তার স্ত্রীকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হাত-পা বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে।
সোমবার রাতে মহাদান ইউনিয়নের কদুলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর।
আহত ৩২ বছর বয়সি ওই নারীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ওই গৃহবধূর স্বামী মুজিবর রহমান (৩৮) ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
গৃহবধূর স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, ১৭ বছর আগে মুজিবরের বিয়ে হয়। তাদের মধ্যে র্দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সেই জেরে সোমবার রাতে স্ত্রীকে পিঠমোড়া দিয়ে হাত-পা বেঁধে মুজিবরসহ শ্বশুরবাড়ির লোকজন দফায় দফায় মারধর করেন।
খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চৌকিদার ঘটনাস্থলে গিয়ে বাঁধন খুলে দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই নারীর অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।
ওই নারীর অভিযোগ, মুজিবর এর আগে দুইবার তার এই স্ত্রীকে তালাক দেন। তৃতীয়বারের মতো বিয়ে করে তারা ফের সংসার করছিলেন। সম্প্রতি তার স্ত্রী জানতে পারেন শুক্রবার স্বামী আরেকটি বিয়ে করেছেন।
তিনি অভিযোগ করেন, এ বিষয়ে মুজিবরের কাছে জানতে চাইলে তাকে বেঁধে মারধর করতে থাকেন। এক পর্যায়ে শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ ১০-১৫ জন মিলে তাকে দফায় দফায় নির্যাতন করেন।
মুজিবর এর আগে তাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলেও এই গৃহবধূর অভিযোগ।
এ ঘটানার পর থেকে মুজিবর ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রবিউল ইসলাম বলেন, রাত ২টার দিকে শরীরের জখম নিয়ে পুলিশের সহযোগিতায় এই নারী হাসপাতালে ভর্তি হয়েছেন।
