রাজবাড়ীতে ছাত্রদলের মিছিল শেষে আটক ২, ‘বোমায় পুলিশ আহত’
হতাবোমার বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছন বলে সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল শেষে পুলিশের উপর হামলার অভিযোগে দুইজন আটক হয়েছেন।
এ সময় হতাবোমার বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছন বলে সদর থানার ওসি জানিয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান।
আটকরা হলেন সদরের দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এনায়েত শেখের ছেলে আক্তার হোসেন (২৮) ও গোয়ালন্দ উপজেলার নিলুশেখের পাড়া গ্রামের নূর ইসলাম শেখের ছেলে শিপন শেখ (১৯)।
কুমিল্লার সাংগঠনিক বিভাগীয় সমাবেশের প্রচারে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শনিবার লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে শহরে রাজবাড়ী জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদল তাদের কর্মসূচি শেষে পুলিশের উপর ‘আক্রমণ করার চেষ্টা চালায়’। এ সময় দুজনকে আটক করা হয়। পরে বিএনপি কার্যালয়ের পাশে ‘ককটেল’ (হাতবোমা) বিস্ফোরণের শব্দ হলে সেখানে গিয়ে অবিস্ফোরিত সাতটি ‘ককটেল’ উদ্ধার করা হয়।
ওসি বলেন, বিস্ফোরণে মো. হাসান (২৫) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
