বগুড়ায় আটক সার ‘নকল’, টিএসপি কর্তৃপক্ষের মামলা
চারদিন আগে ওইসব ট্রাক থেকে কয়েক বস্তা সারের মান পরীক্ষার পর সন্দেহ হলে সেগুলো আটক করা হয়েছিল। পরে পরীক্ষায় সেগুলো ‘নকল’ বলে জানা যায়।
চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাতটি ট্রাকে বগুড়ায় আসা ৯৮ হাজার কেজি টিএসপি সার ভেজাল অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্সের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলাটি করেন বলে ওই থানার পরিদর্শক সেলিম রেজা জানান।
মামলায় সার পরিবহনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএইচআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসনকে প্রধান আসামি করা হয়েছে।
সেলিম রেজা বলেন, সারের নমুনা পরীক্ষার পর রাজশাহী মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম সেগুলো ‘নকল’ বলে জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার সকালে ওইসব ট্রাক থেকে কয়েক বস্তা সারের মান পরীক্ষার পর সন্দেহ হলে সেগুলো আটক করা হয়েছিল। পরে বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-বিএফএ বগুড়ার গুদাম পরিদর্শক মোহাম্মদ মোস্তাফা কামাল।
এ ঘটনায় গত বৃহস্পতিবার র্যাবের হাতে আটক ওই সাত ট্রাকের ১৩ জন চালক ও সহকারীকেও আসামি করা হয়।
তারা হলেন- ঢাকার সাভার উপজেলার বনিয়ারপুরের নুর হোসেন (২৬); একই উপজেলার নগরকুণ্ডা এলাকার তারেক (১৯), শাকিল (৩২), হানিফ (৩২), শাকিল (৩১); একই উপজেলার বলিয়াপুরের আব্দুল আউয়াল (৫০), আবুল বাশার (২৮), জসিম (২৬), সোহেল (৩৫), আসাদুল (২৬) ও বাবু (২৫); রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবতী গ্রামের জাহাঙ্গীর আলম ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মানিকগঞ্জ গ্রামের শাহ আলম (৪৩)।
পরিদর্শক সেলিম রেজা জানান, ইতোমধ্যে মামলায় উল্লেখিত ১৩ জন র্যাবে হাতে আটক হয়েছেন। তাদের আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া মূল আসামি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
শুক্রবার সকালে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গত ২৭ অগাস্ট চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স থেকে ১২ ট্রাক সার বগুড়ার উদ্দেশে রওনা হয়। সারগুলো ২৯ অগাস্ট বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বগুড়ার গুদামে এসে পৌঁছে। তবে এর আগে যাত্রাবিরতির সময় ঢাকার সাভারের হেমায়েতপুরে ট্রাকে থাকা টিএসপির আসল সার সরিয়ে সাতটি ট্রাকে ভেজাল সার তুলে দেওয়া হয়।
“গোয়ান্দা তথ্য ও ভিডিও থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভেজাল প্রমাণিত হওয়া সাত ট্রাকের ১৩ জন শ্রমিক এ ঘটনার সঙ্গে জড়িত। তারা সবাই ঠিকাদারি প্রতিষ্ঠান এমএইচআর-এর হয়ে কাজ করেন।”
এ ছাড়া বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামে আটক থাকা আরও ১১ ট্রাকসহ চালক ও সহকারীদের নজরদারিতে রাখা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন আসার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
আরও পড়ুন:
