বাইককে সাইড দিতে গিয়ে ট্রাক খাদে, ২ শ্রমিক নিহত
মানিকগঞ্জের ঘিওরের পাখুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিক মারা যান বলে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো.জাকির হোসেন জানান।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার রুহুল আমিন (৩০) এবং জসিম উদ্দিন (২৭)। তারা ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘিওর থানার এসআই মো. আল মামুন জানান, দুপুরে ট্রাকটি ঘর তৈরির সিমেন্টের খুঁটি নিয়ে পাটুরিয়ার দিকে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওরের পুখুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকের চালক, তার সহকারী ও দুই শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় দুই শ্রমিক মারা যান।
চালক ও তার সহকারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
