সিরাজগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ
নিহতদের একজন সত্তর বছরের বৃদ্ধ; আরেকজন একটি মসজিদের ইমাম।
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- কামারখন্দ উপজেলার কুটিরচরের আবু বক্কর সিদ্দিকের ছেলে সোহরাব আলী (৭০) এবং তাড়াশ উপজেলা সদরের সোনা পাতিল গ্রামের শাহজাহান আলী আকন্দের ছেলে মওলানা সাব্বির আহম্মেদ ওসমানী (২৬)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দিয়ার বৈদ্যনাথে প্রাইভেটকার ও অটোরিকশা মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আহত হন বৃদ্ধ সোহরাব আলী। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে ট্রাকচাপায় সাব্বির আহম্মেদ ওসমানী নামে ওই ইমামের মৃত্যু হয় বলে জানান ওসি।
এসব ঘটনায় প্রাইভেট কার ও ট্রাকের চালক পালিয়ে গেলেও যানবাহন দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
