‘উঠান নোংরা করেছে মুরগি’, প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে খুন
সিলেটে এ ঘটনায় হওয়া মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মুরগির বাচ্চা বাড়ির উঠান নোংরা করার ঘটনার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমতৈল সাদীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান।
নিহত দিলোয়ার হোসেন (৩৫) ওই গ্রামের প্রয়াত আবদুর রউফের ছেলে।
এ ঘটনায় রাতেই নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
আসামিদের মধ্যে প্রতিবেশী শামছুন্নার প্রকাশ বুরাইদা (২১) ও তার বাবা চান মিয়াকে (৫৬) গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
অপর আসামি চান মিয়ার ছেলে ফাহিম আহমদকে (১৯) গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
মামলার বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার দিন দুপুরে চান মিয়ার মুরগির কয়েকটি বাচ্চা দিলোয়ারের বাড়ির উঠানে রাখা ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
“রাতে উভয়পক্ষের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে শামছুন্নার তার হাতে থাকা চাকু দিয়ে দিলোয়ারকে আঘাত করেন।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
