গাজীপুরে ঘরে দম্পতির দগ্ধ লাশ
পুলিশ জানায়, খাটের উপর স্ত্রীর এবং মেঝেতে স্বামীর লাশ পড়ে ছিলো।
গাজীপুরে ঘর থেকে আগুনে পুড়ে যাওয়া দম্পতির লাশ উদ্ধার কছে পুলিশ।
নগরীর কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়ি থেকে শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)।
সুফিয়ান একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে রাজমিস্ত্রি ছিলেন এবং নাসরিন স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
ওসি বলেন, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঘটনাটি নিয়ে রাত সাড়ে ১১টার দিকে সুফিয়ান তার গ্রামের বাড়ির এক আত্মীয়ের সঙ্গে কথাও বলেন।
এরপর শনিবার ভোর সোয়া ৫টার দিকে বাড়ির নিরাপত্তা প্রহরী আলামিন ও প্রতিবেশীরা সুফিয়ানের বাসা থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ডাকাডাকি শুরু করে। দীর্ঘক্ষণ কারো সাড়া না পেয়ে তিনি থানায় খবর দেন।
পরে ঘরের দরজা ভেঙে খাটের উপর স্ত্রীর ও মেঝেতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি আশরাফ উদ্দিন বলেন, তখনও ঘর থেকে ধোঁয়া বের হচ্ছিলো। আগুনে ঘরের খাট ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে কখন এবং কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি আত্মহত্যা নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে।
