ভেসেছে ৬৫০ পুকুরের মাছ, পানির নিচে দেড় হাজার হেক্টর ফসলি জমি
বন্যার কারণে মাঠে থাকা ১ হাজার ৪৮৭ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে; যার মধ্যে শাক-সবজি ছিল ২৬২ হেক্টর জমিতে।
কুড়িগ্রামে নদ-নদীর পানি কিছুটা কমলেও সাধারণ মানুষের দুশ্চিন্তা ও ভোগান্তি কমেনি। গত কয়েকদিনের বন্যায় ভেসেছে সাড়ে ছয়শ পুকুরর মাছ, ডুবে আছে প্রায় দেড় হাজার হেক্টর ফসলি জমি।
নিম্নাঞ্চল এখনো পানির নিচে থাকায় কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
রোববার বিকালে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
প্রতিবেশী দেশ ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
এতে বাংলাদেশেও বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাবে কিনা জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতির কোনো সম্ভাবনা নেই। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম এলাকায় বন্যা হলে সেই পানি পরবর্তীতে এ পথে নেমে যায়। তখন তা বাংলাদেশের ওপর প্রভাব ফেলে।”
তবে এবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যা হচ্ছে। ফলে তার প্রভাব কুড়িগ্রামে পড়বে না।
জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায় জানিয়েছেন, চলতি বন্যায় এখন পর্যন্ত ৬৫০টি পুকুরের ১৩০ মেট্রিক টন মাছ ভেসে গেছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, বন্যার কারণে মাঠে থাকা ১ হাজার ৪৮৭ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। যার মধ্যে শাক-সবজি ছিল ২৬২ হেক্টর জমিতে, আউশ ধান ২৪৪ হেক্টর, বীজতলা ৩৮০ হেক্টর, কলা ২০ হেক্টর এবং পাট চাষ হচ্ছে ৫৮১ হেক্টর জমিতে।
পানিতে ডুবে থাকায় শাকসবজি পুরোটাই নষ্ট হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, পানি দ্রুত নেমে গেলে অন্যান্য ফসলের হয়ত ততটা ক্ষতি হবে না।
অন্যদিকে জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, বন্যার কারণে ১১টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ বন্ধ রয়েছে। সেইসঙ্গে প্লাবিত হওয়ায় বন্ধ রয়েছে ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
ক্ষয়ক্ষতি ও বরাদ্দ
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, চলতি বন্যায় ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রাম সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত মানুষের সংখ্যা ৬১ হাজার ৪৫ জন। জেলার ৩৬১টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ২১টি আশ্রয়কেন্দ্রে ১৮০টি পরিবারের ৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন।
এখন পর্যন্ত ২২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেছে। এর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, এখন পর্যন্ত বন্যার্তদের মধ্যে ৩৬৩ মেট্রিক টন চাল, সাড়ে ৮ লাখ টাকা ও ২২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে।
‘চোখের পানি বানের পানি একাকার’
নদ-নদীর পানি কমতে শুরু করলেও বছর বছর একই দুর্ভোগ আর সহ্য করতে চান না স্থানীয়রা। অনেকেই বলছেন, এ মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাড়িঘর উঁচু করে দেওয়া বেশি জরুরি।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের কাছে স্লুইস গেইটের পাশে রাস্তায় পলিথিনের নিচে আশ্রয় নেওয়া সালেহা বেওয়া বললেন, “সাতদিন থাকি ঘরের টুই ছুঁই ছুঁই বানের পানি। রাস্তার উপর এক পলিথিনের নীচে দুই পরিবার আছি কষ্ট করি। ইলিপ (রিলিফ) চাই না বাবা। সরকারক কন (বলুন) হামার ঘরবাড়ি উঁচা করি দেউক যাতে আর বানের পানি ঘরত না ওঠে। তাইলে হামরা খুশি।”
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর মাধবপুর গ্রামের ২৮টি পরিবার আশ্রয় নিয়েছে ধরলা নদীর পূর্ব প্রান্তে রাস্তার পাশে পলিথিনের নিচে। নিজেদের ঘরবাড়ি ছেড়ে রোদ-বৃষ্টিতে পরিবার পরিজন নিয়ে তাদের কাটাতে হচ্ছে মানবেতর জীবন।
বাড়ি ছাড়ার সময় সঙ্গে গবাদিপশুগুলো নিয়ে এসেছেন, তাই রাত জেগে দিতে হচ্ছে পাহারা।
বিশুদ্ধ পানি, পয়ঃনিস্কাশন ব্যবস্থা এবং খাদ্য সংকটও দেখা দিয়েছে এসব মানুষের মধ্যে।
পেশায় হকার হাইনুর ইসলাম স্থানীয় হাট-বাজারে ইঁদুর মারার ওষুধ বিক্রি করেন। গত পাঁচদিন কাজে বের হতে পারেননি।
তিনি বলেন, “কী আর কমু কষ্টের কথা, কষ্টের শ্যাষ নাই। হামারগুলার (আমাদের) চোখের পানি আর বানের পানি একাকার হয়া গেছে।”
বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে সবচেয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। পানি করতে শুরু করলে ঘরে ফিরবেন, কিন্তু বর্তমান সময়টুকু কাটানোই তাদের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।
একমাত্র মেয়েকে নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন আনোয়ারা বেওয়া। অন্যের বাড়ি কাজ করে সংসার চলে তার, সেই কাজ বন্ধ। তাই ত্রাণ আর সহায়তা ছাড়া গতি নেই তার।
বানভাসী মানুষ বলছেন, খাদ্য আর বিশুদ্ধ পানির সংকট সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আবার চাল পেলেও জ্বালানির অভাবে রান্না করা যাচ্ছে না। কোনো রকমে আলু বা কাঁঠালের বিচি সেদ্ধ করে ভাত খাচ্ছেন অনেকে। কেউ কেউ শিশুদের মুখে তুলে দিচ্ছেন চিড়া ভাজা।
কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব গ্রামের রফিকুল ইসলাম জানান, শুক্রবার পর্যন্ত চৌকির উপর চুলা বসিয়ে কোনো মতে একবেলা রান্না করে দিন পার করেছেন। শনিবার পানি নেমে গেলেও দুর্গন্ধে বাড়িতে থাকা যাচ্ছেনা বাড়িতে। বিকল্প না থাকায় নিমজ্জিত নলকূপ থেকেই বাধ্য হয়ে পানি পান করছেন।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন চরে আবাদী জমির উপর ২-৩ ফুট বালু পড়ে আছে।
সারডোব গ্রামের কৃষক আশরাফুল ইসলাম বলেন, “আমার ৩ একর জমিতে বালু পড়েছে। পাটের বোঝা ভেসে গেছে ৩৫০টি।”
একই গ্রামের আবুল কালাম, আক্কাস আলী, ফকরুলসহ অনেক কৃষক বলছেন, আবাদী জমি বালুর আস্তরণে ঢেকে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন।
তবে এসব কৃষককে ত্রাণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান।
তিনি বলেন, “ভোগডাঙ্গা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। যারা পায়নি তাদেরও তালিকা প্রস্তুত হচ্ছে। সবাইকে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে। ইউপি চেয়ারম্যানদের এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
