বন্যায় কুড়িগ্রামে অর্ধ লক্ষাধিক মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে
বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ৭৬ ইউনিয়নের মধ্যে ৪৫টি বন্যা কবলিত; প্লাবিত হয়েছে ১৮৫ গ্রাম।
কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার প্রায় ৬২ হাজার পানিবন্দি মানুষ রান্না করা খাবার ও বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন (পাউবো) বোর্ডের কার্যালয় থেকে শনিবার সকালে জানানো হয়েছে, জেলার দুধকুমার নদীর পানি ৩৬ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ১৯ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হ্রাস পেয়েছে তিস্তা ও ব্রহ্মপূত্র নদের পানি।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “জেলার বন্যা পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হবে। এরপর পানি নেমে যাবে। দুধকুমার এবং ধরলা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”
কুড়িগ্রাম জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেলার ৭৬ ইউনিয়নের মধ্যে ৪৫টি বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যার পানিতে ১৮৫টি গ্রামের ১৬১ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে।
“এ ছাড়া নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার এক হাজার ৬৬০টি আর পানিবন্দি পরিবারের সংখ্যা ১৪ হাজার ৬০টি। ফলে মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬২ হাজার ৮৮০ জন। নদী ভাঙনে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে”, যোগ করেন আমিনুল।
পানিবন্দি মানুষেরা জানিয়েছেন, নদ-নদীর পানি কমলেও তাদের ঘরবাড়ি থেকে এখনও পানি সরেনি। ফলে ৪-৫ দিন ধরে ঠিকমত তারা রান্না করতে পারছেন না। জ্বালানি সংকটের পাশাপাশি তীব্র হয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।
গবাদিপশু নিয়েও মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে উঁচু জায়গায় গরু-ছাগল রেখেছেন। কিন্তু গো-খাদ্যের অভাব দেখা দিচ্ছে। প্রকট হয়েছে স্যানিটেশন সমস্যাও। জরুরি ভিত্তিতে এসব এলাকায় শুকনা খাবার ও বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন বলে দাবি করেছেন পানিবন্দি মানুষেরা।
এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন হয়ে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন যাওয়ার একমাত্র সড়কে এখন থৈ থৈ পানি। রাস্তায় চলছে নৌকা। এই অবস্থা অনেক জায়গাতেই দেখা গেছে।
সদর উপজেলা পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের শাহেদ আলী ও আহাদ আলী জানান, পাঁচদিন ধরে তাদের ঘরবাড়িতে পানি। ধানের বীজতলা, পটল ও সবজি ক্ষেত এখন বুক সমান পানির নীচে।
গ্রামের চলাচলের একমাত্র রাস্তা তলিয়ে যাওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। কিন্তু সবার নৌকা সুবিধা না থাকায় তাদের চলাচলেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
কদমতলা গ্রামের হযরত আলী সাংবাদিকদের বলেন, “পানি ঘরে ঢুকে পড়ায় খাট তলিয়ে গেছে। রান্নার চুলা পানির নীচে। ঘরে চাল থাকলেও আগুন জ্বালানোর কোনো উপায় নেই। ফলে খেয়ে না খেয়ে দিনরাত পার করতে হচ্ছে।”
আশপাশের কয়েক গ্রামে একই অবস্থা বলে জানান হযরত আলী।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, “এরই মধ্যে ৬৮ মেট্রিক টন চাল উপজেলাগুলোতে উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের কাছে ৫৮২ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও এক হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা বন্যার্তদের তালিকা করছি, তালিকা মোতাবেক উপ-বরাদ্দ দেওয়া হচ্ছে।
শনিবার চিলমারী, সদর ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করেছেন বলে জানান জেলা প্রশাসক।
