২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি: সিইসি

সিইসি বলেন, “আশা করি, প্রার্থীরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালনে আন্তরিকভাবে চেষ্টা করবেন।”

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 06:13 PM

Updated : 20 Dec 2023, 06:18 PM

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “প্রার্থীসহ আমরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি।

“নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও কেন্দ্রে আসবেন; এই বিশ্বাস ও প্রত্যয় আমাদের আছে।” 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সঙ্গে আমাদের মতবিনিময় সভা হয়েছে। তারা আন্তরিক। তারা কিছু সমস্যার কথা বলেছেন, যা স্থানীয় প্রশাসনসহ আমরা শুনেছি। সেই সমস্যাগুলো যদি সত্যি হয়, তাহলে কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি।” 

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, “আমরা আশা করি, উনারা (প্রার্থীরা) আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালনে আন্তরিকভাবে চেষ্টা করবেন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন ও কোনো ধরনের সহিংসতা হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। সেই নির্দেশও দেওয়া হয়েছে।” 

সভায় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহীর পুলিশ সুপার সাইফুল ইসলাম। 

পরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এর মধ্যে রাজশাহী-১ আসনে ৯ জন, রাজশাহী-২ আসনে ৭ জন, রাজশাহী-৩ আসনে ৬ জন, রাজশাহী-৪ আসনে ৬ জন, রাজশাহী-৫ আসনে ৬ জন ও রাজশাহী-৬ আসনে ৬ জন। 

জেলায় মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। আর নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন। এই জেলায় পুরুষের চেয়ে ৮ হাজার ২৩৬ জন নারী ভোটার বেশি।