২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে পড়ে কিশোরটি ছটফট করছিল, পরে মারা যায়

ট্রেনের ছাদ থেকে হঠাৎ ১০ বছর বয়সী এক কিশোর নিচে পড়ে ছটফট করছিল; হাসপাতালে তার মৃত্যু হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 01:17 AM

Updated : 15 Feb 2023, 01:17 AM

গাজীপুর নগরীর সালনা রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোর মারা গেছে। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। 

গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী কাওসার সরকার বলেন, দুপুর দেড়টার দিকে রেলওয়ে রেললাইনের পাশে বসে তারা দুই বন্ধু গল্প করছিলেন। ওই সময় জয়দেবপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন অতিক্রম করছিল। 

“এ সময় আমরা দেখতে পাই ট্রেনের ছাদ থেকে হঠাৎ ১০ বছর বয়সী ওই কিশোর নিচে পড়ে ছটফট করছে।”

তিনি বলেন, “ঘটনাটি স্থানীয়রা দেখে সেখানে ভিড় জমায়। আমরাও দৌড়ে গিয়ে দেখি ওই কিশোর তখনও জীবিত আছে; কিন্তু কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে না। 

“পরে আমি এবং আমার এক বন্ধু শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, দুজন শিক্ষার্থী ওই কিশোরকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছিলেন। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। 

আনুমানিক ১০ বছর বয়সী ওই কিশোরের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। তার গায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনোগ্রামযুক্ত সবুজ জার্সি ছিল।