২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

পথে ছিনতাইকারী গতিরোধ করে ভ্যানটি রেখে আশরাফকে চলে যেতে বলে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2024, 12:48 AM

Updated : 19 Sep 2026, 02:23 PM

গাইবান্ধা সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতের দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে উপজেলার টাকীমারি বিল (৭৫ নম্বর রেলগেইট সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।

নিহত আশরাফ আলী (৫০) উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটা গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

গ্রেপ্তার সাদেকুল ইসলাম (৩৫) উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেছেন।

মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশরাফ আলী ভ্যান নিয়ে কুপতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারী গতিরোধ করে ভ্যানটি রেখে আশরাফকে চলে যেতে বলে। একপর্যায়ে ছুরি দিয়ে আশরাফের পেটে আঘাত করে ছিনতাইকারী পালিয়ে যায়। 

গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ রাত ২টার দিকে সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে বলে জানান ওসি মাসুদ রানা।