পঞ্চগড়ে কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি
স্থানীয়দের ভাষ্য, কবরস্থানগুলো সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে পাহারা দরকার; প্রয়োজনে চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা যায়।
পঞ্চগড়ের বোদায় একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি কবরস্থানের ১২টি কবরের কঙ্কাল চুরি হয়।
স্থানীয় সামসুল হক জানান, মঙ্গলবার সকালে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরের মাটি ও বাঁশ সরানো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে উৎসুক লোকজন ভীড় জমায়। খবর পেয়ে লোকজন মৃত স্বজনদের কবর দেখতে থাকেন।
“পরে দেখা যায় মুক্তিযোদ্ধা সোলেমান আলী, শিক্ষিকা তাহেরা খাতুন, তোফাজ্জাল হোসেন, হকিকুল, রমজানসহ ১২টি কবরে মৃতদেহের কঙ্কাল নেই। খোলা কবরগুলোতে মৃতের স্বজনেরা মাটি দেন।”
কবরের পাশে কঙ্কাল চোরদের ব্যবহৃত কাপড় পড়েছিল বলে তিনি জানান।
বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলীর ছেলে রনি ও সোহেল তাদের বাবার কঙ্কাল চুরির ঘটনার তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, “আমার ভাবির কঙ্কালও কবরে নেই। কবরস্থানগুলো সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে পাহারার দরকার। প্রয়োজনে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা প্রয়োজন।”
অমীমাংসিত সীমানার কারণে সাতখামার ঝলঝলি কবরস্থানের অবস্থান নিয়ে বোদা ও আটোয়ারী উপজেলার মধ্যে বিরোধ রয়েছে। তাই এ ঘটনায় আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করতে বলেন এই উপজেলার নির্বাহী কর্মকর্তা।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম হালিম বলেন, “সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের আটোয়ারি থানায় সাধারন ডায়েরি করার পরামর্শ দিয়েছি। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।”
স্থানীয়রা জানান, চলতি বছর এ নিয়ে তৃতীয়বারেরমত বোদা উপজেলায় কবরস্থানে লাশ চুরির ঘটনা ঘটল। এর আগে চন্দনবাড়ি ও ভাসাইনগর কবরস্থানের ১৮টি কঙ্কাল চুরি হয়েছিল।
আটোয়ারী থানার ওসি সোহেল রানা বলেন, “ঘটনা অবহিত হয়ে আমরা তদন্ত কাজ করছি। আগের ঘটনাগুলোরও তদন্ত চলছে। আশা করছি দ্রুত দোষীদের চিহ্নিত করা যাবে।”
