পুনঃনির্বাচন দাবি জামালপুরের স্বতন্ত্র প্রার্থীর
“নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ সাবেক আমলা হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা পুলিশ সরাসরি নৌকার পক্ষে কাজ করেছে।”
পোলিং এজেন্টদের মারধর ও ব্যালটপেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগে জামালপুর-৫ আসনের স্বতন্ত্র রেজাউল করিম রেজনু আসনটিতে পুনঃনির্বাচন দাবি করেছেন।
রোববার দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, “আমার পোলিং এজেন্টদের মারধর করে সব কেন্দ্র থেকে বের করে দেওয়া, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া ও প্রকাশ্যে সিল মারাসহ ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে।
“নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ সাবেক আমলা হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা পুলিশ সরাসরি নৌকার পক্ষে কাজ করেছে।”
বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়মের বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলেও অভিযোগ করে নির্বাচন স্থগিত করে ৪৮ ঘণ্টার মধ্যে এই আসনে পুনঃনির্বাচনের দাবি করেন এই প্রার্থী।
জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান বলেন, “তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
