নিখোঁজের ১৫ ঘণ্টা পর ধান ক্ষেতে মিলল কৃষকের লাশ
শনিবার বিকালে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ওই কৃষক।
নওগাঁর রাণীনগর উপজেলায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর ধান ক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার জয়সার গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে রাণীনগর থানার পরিদর্শক সেলিম রেজা জানান।
নিহত স্বপন আকন্দ (৪০) উপজেলার ওই গ্রামের পশ্চিমপাড়ার মজিবর রহমানের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার বিকাল ৩টার দিকে স্বপন স্থানীয় খানপুকুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি।
“রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই গ্রামের ধান ক্ষেত থেকে স্বপনের মরদেহ উদ্ধার করা হয়।”
পরিদর্শক সেলিম রেজা জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
“মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে,” বলেন পুলিশের এ কর্মকর্তা।
