জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট, সরবরাহ বন্ধ ১৫ জেলায়
তবে পেট্রোল পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না।
জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়ানোসহ তিনদফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।
সোমবার ভোর থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠনের ডাকা এ ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, “১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এর ফলে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
“একই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকেও তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।”
তবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকবে বলে জানান মুরাদ।
