নেত্রকোণায় ট্রেনের এক আসনের জন্য দুই টিকেট বিক্রির দায়ে জরিমানা
জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারী পেয়েছেন।
নেত্রকোণা রেলওয়ে স্টেশনে ট্রেনের একটি আসনের বিপরীতে যাত্রীকে দুটি টিকেট কিনতে বাধ্য করায় বুকিং মাস্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একজন যাত্রীর অভিযোগে পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ৪৪ নং মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের বুকিং মাস্টার সাইদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নেত্রকোণা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উসমান গনি সোমবার বলেন, সোমবার সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জরিমানার টাকার ২৫ শতাংশ অভিযোগকারী শহরের সাতপাই এলাকার বাসিন্দা রাজীব সরকারকে বুঝিয়ে দেন।
অভিযোগের বরাতে উসমান গনি বলেন, গত ৪ অগাস্ট রাজীব সরকার মহুয়া কমিউটার ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য টিকেট কাটতে যান। তখন বুকিং মাস্টার যাত্রীকে একটি আসনের বিপরীতে দুটি টিকেট কিনতে বাধ্য করেন।
পরে এ ব্যাপারে রাজীব সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য, উপাত্ত বিশ্লেষণ ও দুই দিন শুনানি শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
তিনি আরও বলেন, ওই বুকিং মাস্টারকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
