কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
অভিযোগে উল্লেখিত ঘটনার তিন দিন পর ওই নারী কক্সবাজার সদর থানায় মামলা করেছেন।
কক্সবাজার সদরে ‘গাড়ি থেকে তুলে নিয়ে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।
তবে সোমবার রাতে ওই নারী বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান পরিদর্শক সেলিম।
মামলায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়াকে (২৮) প্রধান আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করা হয়।
২৫ বছর বয়সী এই নারী রামু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
মামলার এজাহারের বরাতে মো. সেলিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার পিএমখালী ইউনিয়নের মালিপাড়া এলাকায় ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন ওই স্কুল শিক্ষিকা। সেখানে পরিচয় হয় বেদার মিয়ার সঙ্গে। একই সময় অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনের সঙ্গে তার কথা হয়।
"শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় (টমটম) বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। গাড়িটি ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বেদার ও তার সহযোগীরা গতিরোধ করে ওই নারীকে নামিয়ে আরেকটি গাড়িতে তুলে নেন।”
পরিদর্শক সেলিম বলেন, এরপর বেদারসহ সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে পার্শ্ববর্তী চান্দেরপাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বেদারসহ চারজন ধর্ষণ করেন। এক পর্যায়ে তিনি চিৎকার দিলে আসামিরা পালিয়ে যান।
ওই শিক্ষিকার স্বজনরা জানান, বছরখানেক আগে ওই নারীর বিয়ে হয়। শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।
ঘটনাটি পরিবারের লোকজন জানার পর প্রথমে রামু থানায় যোগাযোগ করা হয়। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় ঘটনাস্থল কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগের জন্য।
পরে সেখানে যোগাযোগ করা হলে পুলিশ মামলা নিতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে সোমবার রাতে কক্সবাজার সদর থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
পরিদর্শক সেলিম উদ্দিন জানান, সোমবার রাতে ভুক্তভোগী নারীর এজাহার পাওয়ার পর মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।
তিনি বলেন, মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে আসতে সময় লাগবে।
