‘দেশের ২৭২৭ পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি’
বিজিবি ঢাকা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গাজীপুর শহরের কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন করেন।
সারাদেশের সীমান্তবর্তী ও দুর্গম এলাকাসহ ২ হাজার ৭২৭টি পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
শনিবার বিকালে গাজীপুর শহরের কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
কর্নেল মহিউদ্দিন বলেন, সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১১৯টি এবং দুর্গম এলাকার ১৮৩টি মণ্ডপ বিশেষ নজরদারিতে রয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ১৮টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
এ সময় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ হবে।
পরিদর্শনকালে ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, মেজর ইশতিয়াক, গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাপ্পী দে ও কৃপাময়ী কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পাল উপস্থিত ছিলেন।
মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাপ্পী দে বলেন, এবার গাজীপুর মহানগরে ১২৭টি এবং জেলায় ৩৭৪টির মতো মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি চাল ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে সরকারি অনুদান প্রদান করা হয়েছে।
