‘শারদীয় সুরক্ষা অ্যাপে’ পূজা মণ্ডপের তথ্য জানাবেন আনসার সদস্যরা
কুমিল্লার ১৭ উপজেলায় ৮৪৯টি পূজা মণ্ডপে পাঁচ হাজার ৩৭৪ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
‘শারদীয় সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে পূজা মণ্ডপের তথ্য হেডকোয়ার্টারে জানাবে দায়িত্বরত আনসার সদস্যরা। প্রতি মণ্ডপে দুইজন সদস্যের কাছে এই অ্যাপস থাকবে।
এ ছাড়া অ্যাপে পাঠানো যেকোনো তথ্য আপলোডের সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংশ্লিষ্টরা মণ্ডপের তথ্য পেয়ে ব্যবস্থা নিতে পারবেন।
বৃহস্পতিবার কুমিল্লার অভয়াশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শনে এসব তথ্য দিয়েছেন আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা. মাহবুবুর রহমান।
তিনি বলেন, “কোনো ঝুঁকিপূর্ণ তথ্য অ্যাপসে আপলোড হলে সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার কিংবা এসআরবি পদক্ষেপ নেবে। যাদের কাছে অ্যাপস আছে, তারা শুধু ছবি বা ভিডিও করে তথ্য আপলোড করে দিলেই হবে।”
আপলোড হলেই জিপিএসের মাধ্যমে দ্রুত কোন এলাকায় কোন মণ্ডপে কি ঘটেছে, তা জানা যাবে বলে জানিয়েছেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার।
তিনি বলেন, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কুমিল্লার ১৭ উপজেলায় ৮৪৯টি পূজা মণ্ডপে পাঁচ হাজার ৩৭৪ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
মাহবুবুর রহমান বলেন, সারাদিনে সময় ভাগ করে তারা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সাধারণ পূজা মণ্ডপগুলোতে ছয়জন করে দায়িত্ব পালন করবে আর অতিগুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন করে দায়িত্ব পালন করবেন।
এ সময় কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া এবং সদর উপজেলা কমান্ড্যান্ট মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন।
