২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাটকীয়তার পর’ নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যায় মামলা

নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল অভিযোগ করেন, তাকে এই মামলায় আসামি করার চেষ্টা করা হয়েছিল।

‘নাটকীয়তার পর’ নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যায় মামলা

নরসিংদীর সাবেক ছাত্রলীগ নেতা রানা আকবর মোল্লা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 01:07 AM

Updated : 27 Oct 2023, 01:07 AM

‘বহু নাটকীয়তার পর’ নরসিংদীর সাবেক ছাত্রলীগ নেতা রানা আকবর মোল্লা (৩৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

হত্যার প্রায় ৫০ ঘণ্টা পর বুধবার রাত ১১টায় নিহতের স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে মামলাটি করেন বলে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এরশাদ উল্ল্যাহ জানান।

গ্রেপ্তাররা হলেন- সাকিব, সেতু, রিপন ও হিরা। তারা শহরের বিভিন্ন মহল্লার বাসিন্দা।

মামলাটির তদন্তের দায়িত্বে থাকা এরশাদ উল্ল্যাহ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের বলেন, চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টায় শহরের কাউরিয়াপাড়া এলাকার পৌর ঈদগাহ মাঠে রানা আকবর মোল্লাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রানা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে এবং নরসিংদী শহর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি।

রানা নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজির চারটি মামলা রয়েছে।

এদিকে নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল অভিযোগ করে বলেন, “রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য ষড়যন্ত্র করে তাকে এই মামলায় আসামি করার চেষ্টা করা হয়েছিল।

সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে এই অভিযোগ এনে তিনি বলেন, “বাদীকে চাপ প্রয়োগ করে মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমাকে প্রধান আসামি করে মামলার অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তে আমার সম্পৃক্ততা না পাওয়ায় সেই মামলা সংশোধন করতে বলে।

নরসিংদী সদর আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুল আরও বলেন, “বাদী আমাকে মামলায় আসামি করতে চায়নি। জেলা পুলিশের সঠিক তদন্তের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি। তবে সংসদ সদস্য যে প্রভাব খাটিয়ে বাদীকে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার চেষ্টা করেছেন তার সব তথ্য-প্রমাণ পেয়েছি।”

তবে সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার আমি ভূমি অফিসে গেলে নিহত রানার মা ও স্ত্রী আমার কাছে গিয়ে ন্যায়বিচার দাবি করেন। তখন উপস্থিত দুই আইনজীবীকে সহযোগিতার জন্য বলেছিলাম।

“কামরুজ্জামান কামরুলকে আসামি করতে বলিনি। মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা কামরুলের লোক। যদি তার সম্পৃক্ততা থাকে মামলার তদন্তে বের হয়ে আসবে।”

মামলার বাদী লিজা আক্তার বলেন, “হত্যার ঘটনার পর আমার মাথা কাজ করছিল না। প্রথমে আমরা ভুলবশত সন্দেহজনক হিসেবে সাবেক মেয়রকে আসামি করেছিলাম। পরে যখন বুঝতে পারি ঠিক কারা জড়িত ঠিক তাদের নাম দিয়ে মামলা করেছি। কারও চাপে পড়ে মামলায় আসামি করা বা বাদ দেওয়া হয়নি।”