‘স্ত্রী’ পরিচয়ে এক নারী যোগ দিচ্ছেন এনসিপিতে, সাবেক এমপি রনির অস্বীকার
গোলাম মাওলা রনি বলেন, ‘‘এটা ওদেরকেই জিজ্ঞাসা করেন, যে মহিলা বলেছে তাকে জিজ্ঞাসা করেন।“
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারীদের সংগঠন জাতীয় নারীশক্তিতে যোগ দিতে যাচ্ছেন সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ; যিনি নিজেকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী দাবি করেছেন।
রনির স্ত্রীর পরিচয়ে তার এনসিপিতি যোগ দিতে যাওয়ার খবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাউর হওয়ার পরপর ফেইসবুক পোস্টে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেন সাবেক এই সংসদ সদস্য।
এর আগে এদিন সন্ধ্যায় ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নারী শক্তিতে যোগ দিচ্ছি। যোগদানের পরই বিস্তারিত জানতে পারবেন।"
এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ‘স্ত্রী’ হিসেবে পরিচয় দেন।
এরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রনি বলেন, ‘‘এটা ওদেরকেই জিজ্ঞাসা করেন, যে মহিলা বলেছে তাকে জিজ্ঞাসা করেন।
‘‘এনসিপির ওদের জিজ্ঞাসা করুন, আমি এটা নিয়ে ফেইসবুকে লিখতেছি, ওটা দেখেন।’’
এরপরই আর কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।
ঘণ্টা খানেক পর রাত সোয়া ৮টায় রনি তার ফেইসবুক পোস্টে লেখেন, ‘‘কি আর বলবো? এই মহিলার বিরুদ্ধে নীলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করা আছে। শাহবাগ থানা পুলিশ এই মহিলা সম্পর্কে ভালো সাক্ষী দিতে পারবে।’’
পরে আবার এ নিয়ে ফারজানার সঙ্গে কথা বললে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুই পৃষ্ঠার একটি ‘কাবিননামা’ পাঠান। রাতে আর সেটি বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কোনো দায়িত্বে আসতে যাচ্ছেন ফারজানা, যিনি এনসিপির সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে আগ্রহী ছিলেন।
